বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি, আহত ৩

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলগেইট এলাকায় সোমবার দুপুর সোয়া ১টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর সাহাপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভ গ্রুপের সঙ্গে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির অনুসারী বরুদা এলাকার মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগর গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় মনিরুল ইসলাম সাগর পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে সৌরভ গ্রুপের ২-৩ জন দেশীয় অস্ত্র দিয়ে সাগর গ্রুপের সফিকুল ইসলাম টিটুকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা টিটুকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। টিটু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির আজ একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে রয়েছে। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত অবস্থায় সেখানে তার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে গোলাগুলি হয়। এদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ জানান, দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে এসেছেন। তার পিঠে ক্ষত চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *