
মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলায় এক যুবদল কর্মীর উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার পন্ডিতের হাট সন্দ্বীপ কমিনিউটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবদল কর্মী রাজুর মা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি সালেহা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মুছাপুর ৯ নং ওয়ার্ড যুবদল কর্মী মো. রাজুর মা সালেহা বলেন, গত শনিবার সকাল ১১ টায় আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে সাকিব, রাকিব, মোশাররফ, শাহী, রিজভী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় পাঁচ জন কে আসামী করে সন্দ্বীপ থানায় মামলা করলে প্রশাসন এখনো ও কাউকে আটক করে নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের দ্রুত আটকের দাবি জানান। আটক না করতে পারলে তিনি তার রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালেহা বেগমের স্বামী কামাল হোসেন, সন্ত্রাসী হামলায় আহত রাজু, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর আলীম, মুছাপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি জিল্লুর রহমান প্রমুখ।











