
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জে চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ এর উদ্যোগে রোববার এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ দ্রুত ছাড় এবং চারটি বন্ধ চিনিকলের সংস্কার কাজ অবিলম্বে শুরু করার দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, “চিনিকলগুলো শুধু শ্রমিক-কৃষকের জীবিকার সঙ্গে নয়, দেশের অর্থনীতির সঙ্গেও জড়িত। এগুলো চালু না করলে আখচাষি ও শ্রমিকদের দুর্দশা আরও বাড়বে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা (বাপন)। বক্তারা বলেন, অবিলম্বে বরাদ্দকৃত অর্থ ছেড়ে দিয়ে সংস্কার কাজ শুরু করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।











