
নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপরই শুরু হবে ভোটের ডামাডোল। ইতোমধ্যে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। দলীয় মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।
মনোনয়নের জন্য এরই মধ্যে প্রার্থীদের আমলনামা তৈরি করছে আওয়ামী লীগ। সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন নোয়াখালী ৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির। ২০১৪ সালের সংসদ নির্বাচনে প্রার্থী হলেও দলীয় সিদ্ধান্তে সরে যান তিনি। তবে হাল ছাড়েননি আমির। দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জানতে চাইলে আমির বলেন, আমি শতভাগ আশাবাদী। দলের নির্দেশে ২০১৪ সালে হাতিয়া থেকে নির্বাচনে অংশ নিয়েছিলাম। ১১টা পর্যন্ত ভোটে ছিলাম, পরে আমাকে দলের নির্দেশে প্রত্যাহার করতে হয়েছে। ওই সময়েই ৪০ হাজার ভোট পেয়েছিলাম। চারটা পর্যন্ত থাকলে আরো ৫০ হাজার ভোট পেতাম। ২০১৮ সালেও মনোনয়ন চেয়েছিলাম। তখন দল থেকে বলা হয়েছে, অপেক্ষা করো। মনোনয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা যে সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত।











