
আনোয়ার সাদাত পাটোয়ারী, হাতীবান্ধা(লালমনিরহাট): লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলার মোতালেব হোসেন আপেল (২১) নামক এক ব্যাক্তিকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার সহযোগী ও স্বজনরা। তবে পুলিশ বলছে তাকে সহায়তা করতে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত কয়েকজন মাদক কারবারি।
শনিবার বিকালে দইখাওয়া বাজারের চিড়ার মিল এলাকায় এ মানববন্ধন হয়। এতে কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ও গরু চোরাচালানকারীকেও দেখা যায়। গ্রেফতারকৃত মোতাহার হোসেন আপেল হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকার আজিজুল ইসলামের ছেলে। এর আগে ২১ আগস্ট দুপুরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আপেল দীর্ঘদিন ধরে মাদকসহ অবৈধ অস্ত্রের ব্যাবসা করে আসছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১০ কেজি গাঁজা ও একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পরে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ও তার স্বজনরা অপপ্রচার চালাতে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা জানান যে তার বাবা আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে যুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেন, ওই এলাকার বেশ কিছু লোক মাদক বিক্রির সাথে সংযুক্ত। তার মধ্যে যে বাসায় আমাদের থানা পুলিশ অভিযান পরিচালনা করে তার শয়ন কক্ষ থেকে ১০ কেজি গাঁজা ও একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে। সে সময়ে সম্পূর্ণ নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে আমাদের পুলিশ এ অভিযান চালিয়েছেন৷ অপরাধীর অপরাধ ঢাকতেই তারা এ মানববন্ধন করেছেন।











