মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অনলাইন জুয়া ও মাদকে ধ্বংস হচ্ছে গ্রামের যুবসমাজ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে তরুণ ও যুবকদের মধ্যে অনলাইন জুয়া ও মাদক সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।

স্মার্টফোন ও সহজলভ্য ইন্টারনেট ব্যবহারের সুযোগে অনেক যুবক অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও সাইটে যুক্ত হয়ে পড়ছে। পাশাপাশি কিছু এলাকায় মাদক সেবনের প্রবণতাও বেড়ে গেছে, যা স্থানীয় সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, গ্রামের অনেক ছেলে দিন-রাত অনলাইন জুয়া খেলছে এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের বাধা দিয়েও এই প্রবণতা থামানো যাচ্ছে না। বরং অনেক সময় তারা অভিভাবকদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখায়। ফলে সন্তানরা ক্রমেই মা-বাবার অবাধ্য হয়ে উঠছে।

অভিভাবকরা আরও জানান, তাদের সন্তানদের মতো গ্রামের আরও অনেক তরুণ এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা বাবা-মায়ের কথা শুনছে না এবং সময়-অসময়ে বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছে। অনেক ক্ষেত্রে যুবকদের সঙ্গে বয়স্ক কয়েকজনকেও এসব আড্ডায় দেখা যায়। এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের কথাও তারা উপেক্ষা করছে। ফলে পিতামাতাসহ অভিভাবকেরা তাদের কাছে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।

সচেতন মহলের মতে, গ্রামের প্রত্যন্ত ও নির্জন এলাকাগুলোতে জুয়া ও মাদকের আড্ডা বসানো হচ্ছে, যার মাধ্যমে প্রশাসনের নজর এড়িয়ে যুবকেরা এসব অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। ধীরে ধীরে এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ অবস্থায় দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানো, সচেতনতা সৃষ্টি এবং যুবকদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন নাগরিকরা। অন্যথায় অদূর ভবিষ্যতে গ্রামীণ যুবসমাজ আরও বড় সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ