
মো. সাইফুল ইসলাম, নীলফামারী: চট্টগ্রাম আদালত চত্তরে আইনজীবী সমিতির সদস্য ও সরকারি আইন কর্মকর্তা অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, “ল” ইয়ার কাউন্সিল এবং বিএনপি নেতাকর্মীদের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করে। সমাবেশে অ্যাড. সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যার বিচারসহ উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান বক্তারা।
নীলফামারী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজিবের সঞ্চলনায় ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাড. আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, “ল” ইয়ার কাউন্সিলের সভাপতি অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, অ্যাড. রবিউল আহসান, অ্যাড. আল মাসুদ চৌধুরী, অ্যাড. আনিছুর রহমান আজাদ, অ্যাড. মামুনুর রশীদ পাটোয়ারী, অ্যাড. আসাদুজ্জামান রিনো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রায়হান, সোহেল রানা, সাইয়েদ গোলাম আজম, মেহেদী হাসান আশিক, ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ ও ভারতের ইন্ধনে ছাত্র জনতার অভ্যুত্থান ধুলিসাৎ ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে দাবি করেন বক্তারা। সবাইকে ধৈর্যের সাথে একতাবদ্ধ হয়ে মোকাবেলা করার অনুরোধ জানান তারা। এছাড়াও অনতিবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তারা।











