
রকিবুজ্জামান, মাদারীপুর: আগস্টের বিপ্লব মানে মুক্তির বিপ্লব। আর এ বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তবর্তী সরকারকে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, আওয়ামী লীগ হলো নাটক আর নায়ক-নায়িকাদের সংগঠন। তারা রাতে সংখ্যালঘুদের ওপর কালনাগিনী হয়ে ছোবল মারে আর দিনে ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে।
তিনি আরো বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে। এ পূজায় কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। এখন আর এ দেশে আওয়ামী লীগ নেই। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী ও কার্যকরী সদস্য মাওলানা রুহুল আমিন খান।











