রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার

যায়যায়কাল প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তারে অভিযানে এবার আটক হলেন খ্যাতনামা অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

রোববার রাতে রাজধানীর দুই স্থান থেকে তাদের পৃথকভাবে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বেইলি রোডে নওরতন কলোনির বাসা থেকে টানা পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদু্জ্জামান নূরকে গ্রেপ্তারের কথা বলেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

অপরদিকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোমাহবুব আলীকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করার কথা বলে ডিবি।

গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শনিবার রাতে ঢাকার ইস্কাটনে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ অন্তত ২৬ জন এখন কারাগারে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর থানায় করা একটি মামলায় আসামি হিসেবে নূরের নাম আছে।

চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূর।

এই আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মত নৌকা প্রতীকে সংসদ সদস্য হন তিনি। এরপর আরও চারটি নির্বাচনে জয় জান।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জেতার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৬ সালে ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্ম তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাম রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরে পুরো মনোযোগই দেন নাট্য আন্দোলনে।

অভিনয়শিল্পী ও আবৃত্তিকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া নূর ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও ৯০ এর দশকে আওয়ামী লীগে যোগ দেন।

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান এক বার্তায় জানান, যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের পাশাপাশি স্ত্রী ও পরিবারের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি নির্মূলে কাজ করা সংস্থাটি।

গত ৫ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আকতারুল ইসলাম বলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে প্রথমবারের মত হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ফের জয় পেলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে প্রায় এক লাখ ভোটে হেরে যান মাহবুব আলী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ