
সালমান হোসাইন, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৩টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
ভোটগ্রহণ চলাকালে জালভোট, এজেন্টদের বের করে দেয়াসহ কয়েকটি অনিয়ম অভিযোগ থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, বিজয় নগর উপজেলা ও নবীনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৌভন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪১৪ ভোট।
অন্যদিকে বিজয় নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আল জাবের। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা মুকাই আলী, তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯৮৫ ভোট।
এছাড়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ফেরদৌস, তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৮১ ভোট।
ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।










