
মো. রাশেদুল ইসলাম, কচাকাটা(কুড়িগ্রাম): ৫ সেপ্টেম্বর ছাত্র-জনতার বিজয়ের এক মাস পূর্ণ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থী এবং সাধারণ মানুষের স্মরণে ‘শহিদী মার্চ’ পালনের দিনে কচাকাটায় নিহত শিক্ষার্থী গোলাম রব্বানীর কবর জিয়ারত করেন কচাকাটা থানা বৈষম্যবিরোধী ছাত্ররা।
জানা যায়, নিহত শিক্ষার্থী গোলাম রব্বানী কচাকাটার খামার দাখিল মাদ্রাসার ছাত্র। চলমান আন্দোলনে ঢাকায় অবস্থানকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে ঢাকা থেকে তার লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি খামারে আনা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, গোলাম রব্বানী মেধাবি ছাত্র ছিলেন। আন্দোলন চলমান অবস্থায় ঢাকায় চলে যায়। পরবর্তীতে লাশ হয়ে ফিরে আসেন। নতুন প্রজন্মের নতুন দেশে গোলাম রব্বানীদের ভুলবে না বৈষম্যবিরোধী ছাত্ররা। এই প্রতিশ্রুতি দিয়ে গোলাম রব্বানীর কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত ছাত্ররা।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কচাকাটা থানা শাখার রাকিব, ইমন, আলমগীর, ওলি আহমেদ, মাসুদ রানাসহ ৩০ জনের একটি দল।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন, পরিবারের সদস্য, গোলাম রব্বানীর সহপাঠী, প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।
কবর জিয়ারত শেষে গোলাম রব্বানীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কচাকাটা নেতৃবৃন্দ।











