
মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ধানের শীষের নির্বাচনী সমাবেশে জনতার আবেগ ও প্রত্যয়ের এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে।
রোববার বিকেল ৩টায় সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হলেও তার বহু আগে থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে। মাঠ ও আশপাশের সড়ক, বাজার এলাকা এবং আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। দূরদূরান্ত থেকে হেঁটে আসা মানুষের ঢল প্রচণ্ড রোদ, ক্লান্তি ও কষ্ট উপেক্ষা করে পরিবর্তনের আশায় ছুটে আসে। অতিরিক্ত ভিড় ও গরমে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললেও উপস্থিত স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীরা দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসা ও সহায়তা প্রদান করেন।
সমাবেশস্থলে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে বিকেল পাঁচটার দিকে জননেতা লুৎফুর রহমান কাজল সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে উঠতেই মুহূর্তে পুরো পরিবেশ পাল্টে যায়। হাজারো মানুষের কোলাহল থেমে গিয়ে নেমে আসে পিনপতন নীরবতা। যেন এক মুহূর্তে পুরো জনসমাবেশ স্তব্ধ হয়ে যায়।
কাজল তার বক্তব্যে রামুর উন্নয়ন, জনগণের অধিকার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর শক্তি। রামুকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত জনতা একাগ্র দৃষ্টিতে, নিঃশ্বাস আটকে রেখে তাঁর বক্তব্য শোনেন। জনতার সেই নীরবতা ও মনোযোগ যেন প্রমাণ করে দেয়—এ সমাবেশ শুধু রাজনৈতিক জমায়েত নয়, বরং পরিবর্তনের পক্ষে জনতার দৃঢ় অঙ্গীকার এবং নতুন ভোরের প্রতিশ্রুতি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, রামুতে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে রামুর জনগণ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।











