
শাহ ইমরান, কুমিল্লা : কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার করা হয়েছে। তাছাড়া, এ সময় ৭টি অটোরিকশা, ৪টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।
গ্রেফতারকৃতরা হলন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মো. শহিদুল ইসলাম ওরফে জাবেদ(২৬), মো. শরীফ (২৫), মো. রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার মো. আমির হোসেন (৩২) ও মো. সোহাগ হোসেন (২৫)। গেল কয়েকদিন ধরে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন , গ্রেফতারকৃতরা কিছুদিন আগে দুই চালক হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কমদামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জন গ্রেফতারের ঘটনায় মূলহোতারা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











