
নুরুল ইসলাম, গাইবান্ধা: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন গাইবান্ধা সদর থানার সাবেক (এসআই) মনিরুজ্জামান। সে কারণে তার ডিভাইস জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
গত ২২ অক্টোবর (বুধবার) গাইবান্ধা সদর থানার সাবেক (এসআই) মনিরুজ্জামানের স্ত্রী ডিভাইস আটকের ব্যাপারে পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ তিনজনকে জড়িয়ে গাইবান্ধার আমলী অদালতে একটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ মার্চ পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা এসআই মনিরুজ্জামানকে তার কার্যালয়ে ডেকে নেন। পরে মনিরজ্জামানের এক আত্মীয়ের মৌখিক অভিযোগের কথা বলে তার মোবাইল ও ল্যাপটপ আটকে রেখে দেন।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে তার ডিভাইসগুলি ব্যবহার করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে ডিভাইসগুলি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। গাইবান্ধার সাবেক পুলিশের (এস আই) মনিরুজ্জামানের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ রয়েছে । তিনি নিজের দোষ ঢাকতে ঘটনার দীর্ঘ পাঁচ মাস পর তার স্ত্রীকে দিয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুরসহ তিনজনের বিরদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই এর তদন্তাধীন রয়েছে।











