
যায়যায়কাল প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চেয়ারম্যান পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক রইস উদ্দিনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ওবায়দুল ইসলামের নিয়োগের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান খানকে মনোনীত করা হয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক মো. মাসউদ।
অধ্যাপক মো. আল ফোরকানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধ্যাপক মো. ফরিদুল ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, স্কুলে ভর্তি প্রক্রিয়ায় চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করার পরিকল্পনা করছে সরকার। এর পরিবর্তে ভর্তি পরীক্ষাভিত্তিক নতুন পদ্ধতি চালু করা হবে।
‘গত এক মাস ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লটারি পদ্ধতিতে মেধার যথাযথ মূল্যায়ন হয় না,’ যোগ করেন তিনি।
উপাচার্য নিয়োগ ও নীতিগত পরিবর্তন-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন শিগগির জারি করা হবে বলে জানান এহছানুল হক মিলন ।











