
মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোণা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা প্রেসক্লাব পর্যন্ত জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরা দলের অভ্যন্তরে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে, তেমনি জাতীয় রাজনীতিতেও একটি নতুন আশার বার্তা বয়ে আনবে। এতে গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ আরও সুসংহত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে তারা বিশ্বাস করে আসছেন—তিনি বীরের বেশেই দেশে ফিরবেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তিনি দলের ঐক্য অটুট রেখেছেন এবং আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, ওয়ান–ইলেভেন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তীতে ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা এক বছরের মধ্যেই গৃহীত হয়। এরপর দীর্ঘদিন দেশে ফেরা সম্ভব হয়নি তার। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বিভিন্ন সময়ে দেশে এলেও তিনি ফিরতে পারেননি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।











