
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন ধরন্তী বিল যা শুধু কালিকচ্ছ ইউনিয়নের নয়, বরং পুরো সরাইল উপজেলার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, দীর্ঘদিন ধরে সরাইল বাজার, কালিকচ্ছ বাজার, আশেপাশের পোল্ট্রি খামার এবং এমনকি বিজিবি হেডকোয়ার্টার সংলগ্ন এলাকা থেকেও অনিয়মিতভাবে এখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে সচেতন যুবসমাজ চরমভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে। তারা ইতোমধ্যে নিজস্ব উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দাখিল করেছে।
কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক বলেন, “এসব ময়লা সরাইল বাজার, কালিগঞ্জ বাজার, সরাইল রিজিওন বিজিবি হেডকোয়ার্টার সহ আশেপাশের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ফেলা হচ্ছে। সচেতনতার অভাবে তারা ধরন্তী বিলে ময়লা ফেলে পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করছে। আমরা এই অনিয়মের প্রতিকার চেয়ে ইউএনও স্যারের কাছে লিখিত আবেদন করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান ও সম্ভাব্য পর্যটন স্পট এখানে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না।”
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন এ প্রসঙ্গে বলেন,
“আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। ধরন্তী বিল এলাকাটি একটি প্রাকৃতিক সম্পদ এবং একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যাদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের জনসচেতনতা ও অংশগ্রহণ প্রশাসনের পক্ষ থেকেও প্রশংসার দাবিদার।”
কালিকচ্ছ বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, বাজার কমিটি ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করেছে এবং বিল সংলগ্ন এলাকায় ময়লা না ফেলতে নির্দেশনা দিয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযানে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক এবং এলাকার সচেতন যুবসমাজ। অভিযানের সময় বিভিন্ন বয়সী যুবকরা অংশগ্রহণ করেন এবং তারা সকলেই ধরন্তী বিল রক্ষায় ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।











