
রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া): আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদের ইছামতি কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। তিনি ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষার মর্যাদা ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই দিবসটি পালনে সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় দিবসটি ঘিরে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।











