
রানা সরদার, নওগাঁ: নওগাঁ শহরের পুলিশ সাইনস এলাকায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় শাকিল আহম্মেদ (৩২)নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
তিনি বর্তমানে নওগাঁ সদর হাসপাতাল এর অর্থোপেডিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার হাঁটুর পার্শ্ববর্তী হাড় চূর্ণ হয়ে গেছে। আগামী শনিবার তার অস্ত্রোপচার করা হবে।
আহত শাকিল আহমেদ নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক প্রথম সূর্যোদয় ও সংবাদ সারাবেলার নওগাঁ প্রতিনিধি। দুর্ঘটনার সময় তিনি নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যার আগে পুলিশ লাইনস এলাকায় একটি বেপরোয়া ইজিবাইক হঠাৎ সামনে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ইউনাইটেড প্রেস ক্লাবের সদস্যরা তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত নওগাঁ সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী হাসান বলেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, তার হাঁটুর পাশের হাড় গুঁড়ো হয়ে গেছে। অস্ত্রোপচার প্রয়োজন, যা আগামী শনিবার করা হবে।
আহত শাকিল আহমেদ বলেন, আমি স্বাভাবিক গতিতে সঠিকভাবে যাচ্ছিলাম। হঠাৎ একটি অটো এসে আমাকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই আমি রাস্তায় পড়ে যাই।
ইউনাইটেড প্রেস ক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহমেদ বলেন, নওগাঁ শহরে অদক্ষ ও বেপরোয়া চালকের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তাদের কারণে শহরবাসী আতঙ্কে চলাচল করছে। দ্রুত এসব চালককে প্রশিক্ষণের আওতায় এনে কঠোরভাবে নিয়ম প্রয়োগ করা জরুরি।
এ ঘটনায় জড়িত ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। শহরে ইজিবাইক ও অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।











