
যায়যায়কাল ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ প্রচার করতে যাচ্ছে তারা।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতবা খামেনি।
ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি।
আটই মার্চ নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মোজতবা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে।
৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে বাছাই করার পরপরই বিপ্লবের কট্টর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসেন। ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন তারা।
ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি “শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত” অনুগত থাকার শপথ নিয়েছে।











