সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নূর শাহানা হককে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় বরগুনাবাসী

আবু জিহাদ, আমতলী (বরগুনা): বরগুনার বিভিন্ন জনপদের সাধারণ মানুষ নূর শাহানা হককে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চান বলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের কর্মজীবন এবং তৃণমূল পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে নূর শাহানা হক স্থানীয় জনগণের কাছে পরিচিত একটি নাম।

প্রফেসর নূর শাহানা হক দীর্ঘ কর্মজীবনে ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষিকা, দায়িত্বশীল সমাজসেবিকা ও তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাজনীতিক।

তিনি বিশ্বাস করেন, ‘মানুষ গড়লেই সমাজ বদলে যায়, দেশও বদলে যায়।’ সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি পুরোপুরি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বিএনপি বরগুনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগিরের সহধর্মিনী।

ফজলুল হক ছগির ছিলেন রাজপথের ত্যাগী যোদ্ধা, যিনি দুঃসময়ে নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং আদর্শ থেকে এক চুলও সরে যাননি। তাঁর সেই আদর্শিক দৃঢ়তা নূর শাহানা হকের পথচলার এক অনন্য প্রেরণা হিসেবে কাজ করছে।

ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক হিসেবে নূর শাহানা হক সহযোদ্ধাদের নিয়ে মানুষের দ্বার দ্বার গেছেন, নেতার সালাম পৌঁছে দিয়েছেন এবং সাধারণ মানুষের স্বপ্ন ও সমস্যার কথা শুনেছেন। স্থানীয় পর্যায়ে তাদের সংযোগ, ঐক্য এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগকে উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়েছে।

বরগুনার স্থানীয়রা মনে করেন, রাজনৈতিক নেতৃত্ব মানে ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের স্বার্থে দায়িত্ব নেওয়ার সক্ষমতা। অবহেলিত জনপদ, অসহায় নারী, স্বপ্নহারা তরুণ-এদের পাশে দাড়ানোই নূর শাহানা হকের রাজনীতির মূল লক্ষ্য। হাট-বাজার, চায়ের দোকান, হোটেল এবং বিভিন্ন সভাসমিতিতে মানুষ সরাসরি তার কাছে একটাই দাবি জানাচ্ছেন-নূর শাহানা হককে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নিযুক্ত করা হোক।

এ বিষয়ে সরকারি বা দলীয় পর্যায়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। নিরপেক্ষ পর্যবেক্ষকরা মনে করেন, জনমত ও স্থানীয় প্রতিক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক দল এবং কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই এ প্রার্থীর সম্ভাব্যতা নির্ধারণ করবে।

নূর শাহানা হক মনে করেন, রাজনীতি মানে মানুষের দায়িত্ব কাঁধে নেওয়া। সততা, সাহস ও ভালোবাসা দিয়ে দায়িত্ব পালনই তার অঙ্গীকার। স্থানীয়দের প্রতিক্রিয়া অনুযায়ী, তাঁর নেতৃত্বে সমাজে নতুন আশার আলো জ্বলে উঠতে পারে এবং অবহেলিত জনগণ আরও সচেতন ও শক্তিশালী হবে।

নূর শাহানা হকের পথচলার শক্তি একটাই-জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন। মানুষকে নিয়েই তিনি আগামীর বরগুনা ও বাংলাদেশের জন্য কাজ করতে চান।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ