
মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের বাহির চাপড়া এলাকায় সুদের লেনদেনের বিরোধের জেরে এক গৃহবধূর স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে লাভলী আক্তার ও তাঁর স্বামী শহীদ মিয়ার বিরুদ্ধে।
ভুক্তভোগী মোছাঃ লাকী আক্তারের দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অভিযুক্ত লাভলী আক্তারের কাছ থেকে মাসিক চার হাজার টাকা সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে এক ভরি চার আনা স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন। তবে গত ২৯ জানুয়ারি সুদে-আসলে সমুদয় টাকা পরিশোধ করার পরও অভিযুক্তরা সেই স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানান। এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি এবং পরিবারের সদস্যরাও কথা বলতে রাজি হননি।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











