
শাহিন রেজা টিটু, ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচনের প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোটের ডাকে রিকশা প্রতীকের বিশাল জনসভা জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ভোটাধিকার ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের দাবিতে জোরালো আহ্বান জানানো হয়।
জনসভা শুরুর আগেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে জড়ো হন। মাঠ ও আশপাশের এলাকা স্লোগান ও ব্যানার–ফেস্টুনে মুখর হয়ে ওঠে।
নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক ও দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমান রাষ্ট্রব্যবস্থা জনগণের অধিকার সংকুচিত করেছে। ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন আজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। এই দুঃশাসনের অবসান ঘটাতেই ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে।”
তিনি জনতার উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, “আপনারা কি আরও পাঁচ বছর গোলামী করবেন, নাকি ১২ তারিখ ভোট দিয়ে দেশের প্রকৃত মালিক হবেন?”
এ সময় উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
রিকশা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “রিকশা এখন আর কেবল একটি নির্বাচন প্রতীক নয়; এটি নিপীড়িত ও বঞ্চিত মানুষের প্রতিবাদের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গণরায় দেবে।”
সভাপতির বক্তব্যে মুখলেসুর রহমান বলেন, “দেশ আজ দুর্নীতি, বৈষম্য ও প্রশাসনিক দমননীতির শিকার। জনগণের অধিকার পুনরুদ্ধারে রিক্সা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”
সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে নবীনগরসহ আশপাশের এলাকায় রিক্সা প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।











