বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পাকিস্তানপন্থী রাজাকার আলবদর ও তাদের সঙ্গীরা ক্ষমতায় আসতে পারবে না: ইনু

নিজস্ব প্রতিবেদক : জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, পাকিস্তানপন্থী রাজাকার, আলবদর ও তাদের রাজনৈতিক সঙ্গীরা ক্ষমতায় আসতে পারবে না। 
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী রাজনৈতিক শক্তির সাথে কোন রাজনৈতিক লেনদেন, সমঝোতার সুযোগ নেই। যত নির্মমই হোক বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী এই অশুভ রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে চির বিদায় দিতেই হবে। 
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি নুরুল আকতার, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথেই, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই পরিচালনা করার সংগ্রাম চিরদিন চলবে। ১৪ দলসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল, মহল, গোষ্ঠী, ব্যক্তি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনর্দখলের আন্দোলন প্রতিহত করতে হবে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোনো দিনই পাকিস্তানপন্থী রাজাকার আলবদর ও তাদের রাজনৈতিক সঙ্গীরা ক্ষমতায় আসতে পারবে না।
সভাপতির ভাষণে হাসানুল হক ইনু আরও বলেন, মুক্তিযুদ্ধে বিজয় বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের বিষয়। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি প্রমাণ করেছে পৃথিবীর কোনো শক্তিই বাঙালি জাতিকে দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। 
ইনু বলেন, জাতির দুর্ভাগ্য স্বাধীনতার ৫২ বছর পরও মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি মুক্তিযুদ্ধে মীমাংসিত বিষয়সমূহ ও সংবিধানকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। সামরিক শাসক জিয়ার চাপিয়ে দেয়া রাজনৈতিক দল বিএনপিই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানপন্থীর মূল ধারক, বাহক, দূর্গ। 
তিনি বলেন, নির্বাচন বানচাল করে ক্ষমতা পুনর্দখলের জন্য বিএনপি-জামাতের আন্দোলন আসলে গোলাম আযমের ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন’ এর বর্তমান রূপ।
ইনু বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বড়’র অহংকার এবং ছোট’র হীনমন্যতা পরিহার করা উচিৎ। তিনি বলেন, বিপদে ঐক্য আর বিপদ কেটে গেছে মনে করে আত্মপ্রসাদে ভুগে ঐক্যকে অবহেলা করা আত্মঘাতি। তিনি বলেন, এটা ভুলে গেলে চলবে না যে, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন এবং তিন মেয়াদে সরকার পরিচালনা রাজনৈতিক ঐক্যেরই ফলাফল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ