
শাহ্ সোহানুর রহমান, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে তারা কোনো ফ্যাসিস্টের অনুসারী রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, বরং জুলাই সনদ ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি আদায়ে অংশ নেবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাজশাহী বিভাগীয় শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ ও সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনতে পাচ্ছি ১২ তারিখ সংসদ অধিবেশনে ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে উচ্চকক্ষ কবে গঠন করা হবে, আমরা সেই রোডম্যাপ দেখতে চাই।”
শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, “আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু খুনিরাই নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তিনি সতর্ক করে বলেন, “দুর্নীতি ও ঋণখেলাপিদের দৌরাত্ম্য বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। অতি দ্রুত ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার ও তাহসিন রিয়াজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ ১১ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফফাত আহমেদ তিতাস, সদস্য সচিব আঞ্জুমান হক আরা আরশি, যুগ্ম সদস্য সচিব ইমন রাজ, রাজশাহী জেলা পূর্বের মূখ্য সংগঠক মোখলেসুর রহমান বিজয়, পশ্চিমের মূখ্য সংগঠক খালিদ হাসান মিলু, কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। মহানগরের মূখ্য সংগঠক মিফতাহুল জান্নাত বিভা।











