
মো. ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার : বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে বগুড়ায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় ব্যাপক ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথা সমবেত হলে এই ঘটনার সূত্রপাত হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পিছু হটে।
ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণ ঘটেছে ঘটনাস্থলে।
এ সময় ইটপাটকেলের আঘাতে এক সাংবাদিক এবং এক শিক্ষার্থী আহত হয়েছেন। একপর্যায় পুরো সাতমাথা এলাকা শিক্ষার্থীদের দখলে নিয়ে বিক্ষোভ করে। এরমধ্যেই ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। অধিকাংশ আন্দোলনকারীদের হাতে লাঠিসোটা রয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও তাদেরকে সতর্কবস্থায় নিরব থাকতে দেখা গেছে।
এ বিষয়ে সদর ধানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ছাত্রদের আন্দোলনে প্রাথমিক অবস্থায় পুলিশ কোন ভুমিকা রাখছেনা। সাতমাথায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











