বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বহিষ্কার থেকেই হবে নতুন রাজনৈতিক আবিষ্কার: নাজমুল হোসেন তাপস

শাহীন রেজা টিটু, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, বহিষ্কার কোনো রাজনৈতিক পরিসমাপ্তি নয়; বরং এটি নতুন পথচলার সূচনা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাল্লাহ, বহিস্কার থেকেই নবীনগরে হবে নতুন রাজনৈতিক আবিষ্কার।”

রোববার বিকেলে নবীনগর সরকারি হাইস্কুল মাঠে ‘ফুটবল’ প্রতীক নিয়ে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি নিজে ও তার কয়েকজন অনুসারীর বিএনপি থেকে সাম্প্রতিক বহিস্কারের বিষয়টি সংক্ষেপে তুলে ধরেন। এ প্রসঙ্গে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, রাজনৈতিক জীবনে এমন সিদ্ধান্ত নতুন নয়; ইতিহাস সাক্ষ্য দেয়—অনেক সময় বহিস্কারই নতুন সম্ভাবনার জন্ম দেয়। নবীনগরের জনগণই এর যথাযথ জবাব দেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নবীনগরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে তিনি কোনো ধরনের আপস করবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেও জনগণের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে উল্লেখ করে তিনি ভোটারদের ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাঈদ, মফিজুর রহমান মুকুল, আলী আজ্জম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, আশরাফ হোসেন রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

সভাস্থলে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকেই মন্তব্য করেন, এই জনস্রোত নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের শক্ত অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ