শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

যায়যায়কাল ডেস্ক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস এ চিঠি পাঠায়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে।

চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালের সফলতা কামনা করেন ডোনাল্ড ট্রাম্প।

তারেক রহমানের উদ্দেশে চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ভারত–প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত; যেখানে শক্তিশালী, সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন।’

চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আরও আশা করি, আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।’

ট্রাম্প আরও লিখেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।’

চিঠির শেষে মার্কিন প্রেসিডেন্ট তারেকের আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ