
নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। দেশে ধর্মীয় সম্প্রীতি আছে ও থাকবে।
তিনি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসন আয়োজিত “মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আরো বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির দরকার। যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে সব ধর্মের মানুষ। তাই দেশে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের সুযোগ না পায় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসাইন রেজা, উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ জামিল ফোরকান, মাওলানা ইলিয়াছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী, ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, খতিব মুফতি মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক আবদুর রহিম, কাজী আতাউর রহমান গিলমান, পুরোহিত বলরাম দাস, সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আকতার হোসেন ভূইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, পুরোহিত, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন।











