
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: র্যাব-৭, চট্টগ্রামের অভিযানে ফেনী হতে ৪৫ কেজি গাঁজা এবং ২৪ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মিনি ট্রাক জব্দ।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মিনি ট্রাকযোগে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১ জানুয়ারি রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্য মিনি ট্রাকটিকে থামানোর সংকেত দিলে গাড়ীর ড্রাইভার সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়ীসহ আসামী ১। মো.আব্দুল মজিদ (৪২), পিতা- মো. জাবেদ আলী, সাং- আলীপুর থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ এবং ২। মো.নাসির (৪৫), পিতা- মৃত আব্দুস ছালাম, সাং- চৌদ্দগ্রাম, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা’দ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে উক্ত মিনি ট্রাকের পিছনে মালামাল বহন করার জায়গায় ০৪ টি বস্তার ভিতর হতে মোট ৪৫ কেজি গাঁজা ও ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৭ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











