
চট্টগ্রাম প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ‘এড ভিশন বাংলাদেশ’ আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, ‘গাছ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন থেকে শুরু করে পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। প্রাকৃতিক সৌন্দর্য ও মানসিক স্বাস্থ্য অগ্রগতিতেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজেদের স্বার্থে, পরিবেশের স্বার্থে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।’
তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘এড ভিশন বাংলাদেশ’ নগরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ এবং পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে। এমন মহৎ উদ্যাগে সার্বিক সহযোগিতা করছেন সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। এজন্য তাকে আমি সাধুবাদ জানাই।’
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি মো. জামাল হোসেন, মো. নাছির বাঙ্গালী, শিবু প্রসাদ চৌধুরী, মো. হাছান মুরাদ, মো. আবুল হাসেম, সদস্য জেমিন আকতার তুলি, প্রিয়াংকা দাস, রতন বড়ুয়া, আয়েশা সিদ্দিকা, মো. জসিম উদ্দিন, এন.ডি.এইচ রাজু, মো. শরিফ প্রমুখ।











