
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ভরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ লাখ টাকার গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতানার সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গাছ কাটার কাজে সম্পৃক্ত ছিলেন।
এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের সম্পদ এভাবে কাটার মাধ্যমে সরকারি সম্পদের অপচয় ও পরিবেশের ক্ষতি করা হয়েছে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবা সুলতানা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।











