
যায়যায়কাল ডেস্ক: গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুসংবাদ। বেশ বিশ্বাসযোগ্য আকারেই এই খবর ছড়িয়েছে।
মূলত ‘ইরানের স্থানীয় গণমাধ্যমের’ বরাত দিয়ে স্বল্প পরিচিত ও নির্ভরযোগ্য নয় এমন অনলাইন মাধ্যম নেতানিয়াহুর মৃত্যুসংবাদ প্রকাশ পায়। যা পরবর্তীতে ফেসবুক ও এক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
তবে সব ধরনের জল্পনা কল্পনার আগুনে পানি ঢেলেছেন নেতানিয়াহু নিজেই। একটি ছোট ভিডিও পোস্ট করে নিজের মৃত্যুসংবাদ নিয়ে রসিকতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
নেতানিয়াহুর মৃত্যু সংবাদকে ‘শক্তিশালী ভিত্তি’ দেয় ১৩ মার্চ প্রকাশিত একটি সংবাদ সম্মেলনের ভিডিও। এটাই ছিল সাম্প্রতিক সময়ে টেলিভিশন মাধ্যমে নেতানিয়াহুর সর্বশেষ ‘আনুষ্ঠানিক উপস্থিতি’।
কয়েকজন ইউজার মত দেন, ভিডিওর একটি ফ্রেমে নেতানিয়াহুর ডান হাতে পাঁচের বদলে ছয়টি আঙ্গুল দেখা গেছে। এই যুক্তিতে তারা এটাকে ‘এআই নির্মিত’ ভিডিও আখ্যা দেন।
জানান, এআই দিয়ে বানানো অ্যাপে প্রায়ই এ ধরনের ‘গ্লিচ’ (কারিগরি ত্রুটি) দেখা দেয়।
এই ঘটনা থেকে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে থাকেন, নেতানিয়াহুর কিছু একটা হয়েছে। নাহলে এআই দিয়ে ভিডিও বানিয়ে সেটা প্রকাশ করতো না তেল আবিব।
পাশাপাশি, নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর এক্সের কার্যক্রমও এই গুজবের আগুনে তেল ঢালে। গত চার পাঁচ দিন ইয়াইর নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্ট ছিল পুরোপুরি নীরব
অনেক ইউজার ধরেই নেন, ‘পারিবারিক ট্র্যাজেডির’ জেরে তিনি এক্সে পোস্ট করছেন না।
তবে রোববার নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে সব ধোঁয়াশা দূর করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
ভিডিওতে দেখা যায় জেরুসালেমের একটি কফির দোকানে এক কাপ গরম কফি হাতে তুলে নিচ্ছেন নেতানিয়াহু।
হিব্রু ভাষার একটি প্রবচনের উল্লেখ করে তিনি বলেন, ‘কফির জন্য আমার মৃত্যু হয়েছে (আই অ্যাম ডেড ফর কফি)’।
এর সঙ্গে অবশ্যই মরে যাওয়ার কোনো সম্পর্ক নেই—কোনো কিছুকে ‘মরণ পর্যন্ত’ ভালোবাসলে সেটাকে নিয়ে ইসরায়েলিরা এ কথা বলে থাকেন।
এভাবেই আমৃত্যু উষ্ণ ও ধোঁয়া ওঠা কফি ভালোবাসবেন বলে নিজের মৃত্যুর খবরকে উড়িয়ে দেন আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এরপর তিনি ‘ছয় আঙুল এআই’ ভিডিওর প্রতি বিদ্রূপ প্রকাশ করে ক্যামেরার দিকে হাত দেখিয়ে বলেন, ‘আপনারা কি এখন আমার হাতের আঙুল গুনে দেখতে চান?’
এরপর তিনি ইসরায়েলি নাগরিকদের ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলার মাঝে সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, ইসরায়েলিদের সহনশীলতা ‘আমার নিজের, সরকারের, সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী মোসাদের’ শক্তিমত্তার উৎস।
‘আমরা এমন কিছু উদ্যোগ নিয়েছি যা এ মুহূর্তে বলতে পারছি না। কিন্তু আমরা ইরানের বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছি। লেবাননের বিরুদ্ধেও’, যোগ করেন তিনি।
রোববার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে বিপ্লবী রক্ষীবাহিনী জানায়। ‘আমরা শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব। যদি সে এখনো জীবিত থাকে।’











