
সিরাজগঞ্জ প্রতিনিধি: রমজান মাসে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি নিরবচ্ছিন্ন (বিদ্যুৎ) দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দুএকটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে। তবে রোজার বেশিরভাগ সময় বিদ্যুৎ ভালো থাকবে।’
শুক্রবার সিরাজগঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘সামনে কৃষি মৌসুম, আবার গ্রীষ্মকাল, এটাকে ট্যাকেল দেওয়া এটা খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য।’
সামনে ‘অগ্নিপরীক্ষা’ মন্তব্য করে তিনি বলেন, ‘(আওয়ামী লীগ সরকার) যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি আপ্রাণ—কীভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।’
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটে মামা-ভাগিনা মন্ত্রী ছিল। মামা ছিল কাজী আনোয়ারুল হক ফুলমন্ত্রী, আর ওনার ভাগিনা ছিল ড. ইকবাল মাহমুদ কৃষি প্রতিমন্ত্রী। তো উনার ছেলের ক্যাবিনেটে আমরা আছি, এটা নতুন কী! পুরান জিনিস।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগিনা এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।











