
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় দরিদ্র পরিবারের জন্য উন্নত টয়লেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩য় ধাপে রায়গঞ্জ পৌরসভায় ৩১২ টি ইপ্রুফ হাউজ হোল্ড টয়লেট নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান খান, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি ও পৌর সভার সকল কাউন্সিলরবৃন্দ।
অনুষ্ঠান শেষে সুফলভোগীদের মাঝে বৃক্ষ ও মিষ্টি বিতরণ এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভার দরিদ্র পরিবারে উন্নত স্যানিটেশন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রতিটি টয়লেট ৭০ হাজার ৩’শত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ।











