
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ ব্যাপারে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক বিধবা।
ভুক্তভোগী ঐ নারীর নাম জিন্নাহ বিবি(৪৭)। তিনি উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পৌওতা গ্রামের বাসিন্দা।
জিন্নাহ বিবি জানান, আমার স্বামী মারা যাওয়ার পর সমাজসেবা অফিস থেকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্ড পাই। কার্ড পাওয়ার পর দু’বার ভাতার টাকা পেয়েছি। এরপর থেকে কয়েক ধাপে আমার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি।
গত রোববার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে সেখানকার কর্মকর্তারা জানান, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল আপনাকে মৃত দেখিয়েছেন। তাই আপনার কার্ড বাতিল হয়েছে। এরপর কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। এ বিষয়ে কোনো সমাধান পাইনি।
ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল জানান, আমি ঐ নারীকে চিনি না। এ ব্যাপারে কোন কিছু জানি না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই করে সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।











