
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেছেন, দেশের অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার মুরাদনগরে উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪তলা একাডেমিক ডিজিটাল ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুরাদনগরে আমি যে উন্নয়ন করেছি তার বিচার করেই আপনারা ভোট দিয়েন। যদি আপনাদের বিচারে মনে হয় বিগত দিনের তুলনায় মুরাদনগরে বেশি উন্নয়ন হয়নি তাহলে আমাকে ভোট দেয়ার দরকার নেই। সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলব সরকারের উন্নয়নকে বিচার করে ভোট দিন, তাহলেই দেশ এগিয়ে যাবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অন্ধকার থেকে আলোর পথে এসেছে। এদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নে দেশ সমৃদ্ধি লাভ করেছে।
ইসমাইল আরও বলেন, ইউসুফ আব্দুল্লাহ হারুন এর ঐকান্তিক প্রচেষ্টায় মুরাদনগর এখন উন্নয়ন এবং শান্তির জনপদ।
উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুন্সী গোলাম হাক্কানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক আব্দুল্লাহ, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইকবাল বাহার, বাঙ্গরা বাজার যুবলীগের আহ্বায়ক নাঈম খান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম প্রমুখ।











