
মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তেপাড়া এলাকার পেয়ারা বেগম (৪০) এবং তার বোনের মেয়েকে (১২) নিয়ে তেপাড়া এলাকায় সেমাবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওষুধের দোকানে যায়। কিন্তু ওষুধ কিনে আর ফেরা হল না তাদের।
বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় পেয়ারা বেগম এবং তার সঙ্গে থাকা ছোট শিশু সাবিনা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী রাস্তায় অবরোধ করে। সঙ্গে সঙ্গে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী ১০ দিনের ভিতর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। যদি ১০ দিনের ভিতর তাদেরকে আইনের আওতাভুক্ত না করা হয় তাহলে তিনি এলাকাবাসী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
উত্তেজিত এলাকাবাসীর দাবি, আগামী পাঁচ দিনের ভিতর তাদের বিচার করতে হবে এবং মর্মান্তিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
তাদের দাবি অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার থেকে কোনো প্রকার অবৈধ বালুর গাড়ি চলাচল করতে পারবে না। মৃত ব্যক্তিদের পরিবারকে সরকারিভাবে তাদের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।











