
শান্ত মল্লিক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে রাসেল দেওয়ান (৩৫) নামে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্বাস ও নিহত রাসেল স্থানীয় আজিজ দেওয়ানের ছেলে।
শনিবার (৫ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক।
ওসি জানান, বড় ভাই আব্বাসের সঙ্গে রাসেলের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা রাসেলকে দ্রুত সিরাজদিখান ইছাপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক আরও জানান, ঘটনাস্থল থেকে আব্বাস দেওয়ানকে আটক করা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










