
খুলনা প্রতিনিধি : খুলনায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে লক্ষাধিক যুবকের শোডাউনের প্রস্তুতি নিয়েছে আওয়ামী যুবলীগ। সরকার সমর্থক যুব সংগঠনটি সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে আগামী ২০ জুলাই বিভাগীয় এ সমাবেশের তারিখ ঘোষণা করেছে। এরই মধ্যে সমাবেশ সফলের লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা, সমাবেশ এবং প্রচারণা শুরু করেছে মহানগর ও জেলা যুবলীগ।
স্থানীয় নেতারা বলেছেন, সমাবেশ ঘিরে নগর ও জেলায় পৃথক পৃথক সাংগঠনিক কাজ চলছে।
এ সমাবেশে শুধু তরুণরাই নয়, সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করা হবে। সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে।
যুবলীগের নেতারা জানান, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখা ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে যুবলীগ এই সমাবেশ করবে। আগামী ২০ জুলাই নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিভাগীয় এই সমাবেশে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। তিনিই সমাবেশে সভাপতিত্ব করবেন। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতারা, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরাসহ ১০ জেলার নেতারা এখানে বক্তব্য দিতে পারেন। সমাবেশ সফল করতে এরই মধ্যে জরুরি বর্ধিত সভা, উপজেলা, থানা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের সভা শুরু হয়েছে।
নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ বলেন, ‘তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি নিয়ে প্রস্তুতি চলছে। খুলনা নগর ও জেলার ৫০ হাজারের বেশি তরুণ সমাবেশে অংশ নেবেন। আমরা তরুণদের কাজে লাগাতে চাই। বিভাগের অন্যান্য জেলা থেকে যুব নেতাকর্মীরা আসবেন।’
জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।
আমরা সে জন্য কাজ করছি। সাধারণ তরুণসহ সব শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে চাই।’











