
মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: শহীদ মৌলভী ফরিদ আহমেদের ৫৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন স্বৈরাচারী আইয়ুব খানবিরোধী আন্দোলনের সামনের সারির একজন সাহসী নেতা। তিনি আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এ কারণেই তাঁকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে মৌলভী ফরিদ আহমেদের মতো আত্মত্যাগী নেতৃত্বের খুব প্রয়োজন। যে নেতা দেশের প্রয়োজনে নিজের জীবন দিতেও পিছপা হন না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিপ্লবী ওসমান হাদীকেও জীবন দিতে হয়েছে। ভারতের প্রভাবেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটেছে। তবে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতা থাকলে দেশে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীর রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বদিউল আলম।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম, ঈদগাহ রশিদ আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, অধ্যক্ষ এ. কে. এম. ফজলুল হক, পিএমখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, কক্সবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, অধ্যাপক রহমত উল্লাহ, বিএনপি নেতা নুরুল আমিন, আজিজুর রহমান সিকদার, ছাত্রনেতা আবু বকর, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ছাদেকুর রহমান, সিরাজুল হক মেম্বার, জামায়াতে ইসলামীর নেতা আলম, তাঁতী দল নেতা মুহিবুল্লাহ চৌধুরীসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা শহীদ মৌলভী ফরিদ আহমেদের সংগ্রামী জীবন, আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা গ্রহণ করে গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর রাজধানীতে নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে শহীদ করা হয়। এ উপলক্ষে একই দিন সকালে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।











