
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী সাহাবুদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা বীর মুক্তিযোদ্ধা’ পদবী ব্যবহারের অভিযোগ উঠেছে।
নির্বাচনী প্রচারে, নিজের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ বিশেষণ ব্যবহার করায় স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সাহাবুদ্দিনের নির্বাচনী প্রচারণায় তাকে ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের তালিকা বা সরকারের ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ (MIS)-এ তার নামের কোনো হদিস পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট মিথ্যা বীর মুক্তিযোদ্ধা পদবি ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগপত্র জমা দেন মোঃ খায়রুল ইসলাম সদস্য সচিব মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড বগুড়া।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলার ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিনূর রহমান, সদস্য সচিব মোঃ শাহজাহান আলী, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মন্ডল, সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা , সদস্য সচিব মোঃ শামীম হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সারিয়াকান্দি বগুড়া প্রমুখ।
এই বিষয়ে অভিযুক্ত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।











