বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

১২ কেজি এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা

যায়যায়কাল প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৩.০৪ টাকা।

ফলে রিটেইল পর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ৫০ টাকা সমন্বয় করে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একইসঙ্গে অটোগ্যাস লিটার প্রতি ৫৯ দশমিক ৮০ টাকা থেকে ৬২ দশমিক ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর সোমবার সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

সোমবার বিকেলে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মূল্য সমন্বয়ের কথা জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর কার্গো প্রাইস অনুযায়ী ফেব্রুয়ারি থেকে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে করা হয়েছে।

প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৯ দশমিক ২৯ টাকা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটার ২৪২ দশমিক ৮০ টাকা।

তবে ৪ মে’র আদেশ অনুযায়ী সরকারি এলপিজির (১২.৫ কেজি) দাম আগের মতোই ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কোনো পর্যায়ে এলপিজি ও অটোগ্যাস বিক্রি করা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে কমিশন।

মূল্য নির্ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সৈয়দা সুলতানা রাজিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ