
যশোর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি রাখার ধারণা প্রচার করছে। তারা কীভাবে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে একপাশে সরিয়ে রেখে দেশ পরিচালনার পরিকল্পনা করছে?
সোমবার দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশ গড়তে নারী ও পুরুষ উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে আমরা দেখেছি, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতা বিদেশি গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যারা নিজের দেশের নাগরিকদের সম্পর্কে কুৎসা রটায় ও মিথ্যাচার করে, তারা দেশের মঙ্গল কামনা করে না।
তিনি বলেন, যে নেতা নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলতে পারেন, ক্ষমতা পেলে তিনি নারীদের আরও অপমান করতে পারেন।
তারেক রহমান আরও বলেন, দেশকে এগিয়ে নিতে নারীদের অগ্রাধিকার দেওয়া জরুরি বলে বিএনপি বিশ্বাস করে।
বিএনপির চেয়ারম্যান বলেন, একটি নির্দিষ্ট দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা শুনছি, ভোট গণনায় অনেক সময় লাগতে পারে। যারা এই প্রক্রিয়া বিলম্বিত করতে চায়, তাদের সতর্ক নজরে রাখতে হবে। অতীতে আমরা দেখেছি, সাধারণত গণনায় কত সময় লাগে।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন করা। কৃষকদের জন্য নির্মিত খালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে হাজার হাজার খাল খনন করা হয়েছিল, যা কৃষকদের উপকারে এসেছিল। বিএনপি ক্ষমতায় গেছে সেই খালগুলো পুনরায় খনন ও সংস্কার করা হবে।
তারেক রহমান আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পাশাপাশি মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সম্মানী দেওয়া হবে।
তারেক রহমান বলেন, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সঙ্গে মিলেই দেশ গড়তে চাই। এই দেশের মালিক জনগণ। তাদের সমর্থন নিয়েই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।











