
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক প্রবীণ সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্তদের প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি ও ব্ল্যাকমেলের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান অভিযোগ করে জানান, গত ২৮ জানুয়ারি থেকে একাধিকবার তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর আনুমানিক ১২টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রিটার্ড প্রাপ্ত সেনাবাহিনী স্বপনের দোকানের সামনে একাধিক মামলার আসামি, স্টেশনপাড়া রেল কলোনির বাসিন্দা পিতা মৃত আয়ুবের ছেলে সোহেল রানা ওরফে গাঙ্গুয়া প্রকাশ্যে হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা দাবি করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ভ্যানচালক আলাল এবং মজিদ খানের ছেলে রসূল খান নামে এক যুবক। পথচারী ও স্থানীয় লোকজন তাদের কথোপকথন দেখেন ও শোনেন। অভিযোগে বলা হয়, প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান তার দুই শিশু কন্যা—জান্নাতি আক্তার (৬) ও মিম আক্তার (৪), অভিযুক্ত আসামি আশা আক্তার, এবং ১৭ লক্ষ ৯ হাজার ২০০ টাকা, কোটি টাকার সম্পদ ও জরুরি ফাইল উদ্ধারের বিষয়ে সোহেল রানা ওরফে গাঙ্গুয়া এবং তার সহযোগীদের একটি প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি প্রথমে ১২ হাজার টাকা প্রদান করা হয়। পরে ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে আরও ২০ হাজার টাকা দেওয়া হয়, যা একাধিক ব্যক্তির সামনে লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতকিছুর পরও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী সাংবাদিককে ব্ল্যাকমেল করে যাচ্ছে। এখনো আরও নগদ টাকা দাবি করা হচ্ছে এবং অভিযুক্ত আসামিদের পক্ষ নিয়ে দুই পক্ষের কাছ থেকেই হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। টাকা না দিলে সেতাবগঞ্জ পৌরসভা এলাকা ছেড়ে চলে যেতে হবে, নয়তো খুন করে গুম করা হবে, এমনকি প্রাণী মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সর্বশেষ হুমকির ঘটনায় সোহেল রানা ওরফে গাঙ্গুয়া লোকসমাজের সামনে পুনরায় প্রাণনাশের হুমকি দেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এতে করে প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এদিকে আরও জানা যায়, কলেজপাড়া সূত্রে: অভিযুক্ত আসামি মোঃ রুবেল (৩৪), মোঃ সোহেল (৩২)—উভয়ের পিতা আব্দুল মজিদ খান, এবং মোঃ সাগর (২৯)—মাতা রুমানা বেগম রুবি, তাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণে একাধিক মামলার আসামি মোঃ সোহেল রানা ওরফে গাঙ্গুয়া সহ নাম না জানা আরও অনেকে ভুক্তভোগী প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে উসকে দিয়েছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষাপটে ঘটনার সরেজমিনে তদন্ত, নিরপেক্ষতা বজায় রেখে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয় এবং দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপারের নিকট করজোড়ে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সচেতন মহল ও সেতাবগঞ্জ পৌরসভা এলাকাবাসীও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এদিকে জানা গেছে, ভুক্তভোগী পরিবার বোচাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে, পাশাপাশি দিনাজপুর আদালতে মামলা করার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে।











