
মো: আশরাফ উদ্দিন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অডিওতে এক বাসিন্দার সঙ্গে কথোপকথনে প্রকৌশলীকে বলতে শোনা যায়, “এখন আর কোনো ড্রেন নাই, টেন্ডার নাই। আপনারা নিজেরাই ড্রেন করে নিন।”
মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের এক বাসিন্দা ড্রেন নির্মাণের জন্য পূর্বে করা মাপজোখের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য বলেন, এখন আর কোনো ড্রেন নাই, টেন্ডার নাই। পরে ওই বাসিন্দা জানতে চান, তাহলে প্রকল্পটি কোনো প্রক্রিয়ায় আছে কি না। জবাবে তিনি বলেন, কোনো প্রক্রিয়ায় নাই।
এরপর টেন্ডার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপনেরা করিলাইন। বাসিন্দা প্রশ্ন করেন, “আমরা কেন করব? এটা কি কোনো ধারাবাহিকতায় থাকবে না? অথচ পৌরসভায় তো একের পর এক ড্রেনের টেন্ডার হচ্ছে। উত্তরে প্রকৌশলী বলেন, কোনো ধারাবাহিকতা নাই। আমি তো বলছি এটা টেন্ডার হবে না। কেন হবে না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমি আপনারে কইতে পারব না, ফোন রাখইন।এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রায় দুই বছর আগে লিখিত আবেদন, মাপজোখ ও প্রশাসনের আশ্বাস মিললেও এখন পর্যন্ত ড্রেন নির্মাণের কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য বলেন, “আমি এখন হাসপাতালে রোগী দেখতে এসেছি। পরে কথা বলব।”
দিরাই পৌর প্রশাসক ও এসিল্যান্ড জিয়াউল হাসান সৌরভ বলেন, বিষয়টি তিনি এখনও জানেন না। তবে অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
তিনি আরও জানান, নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে যেখানে ড্রেন নির্মাণ জরুরি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।











