
মো: আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট মহানগর এলাকা ও দিরাই থানা এলাকা থেকে এজাহারভুক্ত ২ জন এবং বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসআই (নি.) কানন কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সিলেট মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে দিরাই থানার নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত দুই আসামি শানিয়াল মিয়া (১৯), পিতা- বদর উদ্দিন এবং রফু মিয়া (২২), পিতা- আরব উল্লাহ, উভয়েই রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করেন।
এদিকে, এএসআই (নি.) প্রদীপ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে দিরাই থানা এলাকা থেকে বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন। তারা হলেন— ৩০২ ধারার মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মামুন হোসেন প্রকাশ ছুরুক মিয়া, পিতা- আব্দুস সোবহান, পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা; ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি পিকেশ দাস (৪৫), পিতা- মৃত সুরেন্দ্র দাস, জাগরন্নারচর গ্রামের বাসিন্দা; এবং সিলেট মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হুমায়ুন কবির (৫০), পিতা- মৃত আব্দুর রহিম, কাইমা গ্রামের বাসিন্দা।
অপরদিকে, এএসআই (নি.) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সুনামগঞ্জের নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি ধরনী বৈষ্ণব (৪০), পিতা- শম্ভু বৈষ্ণব, কামালপুর গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কড়া পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।











