রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

যায়যায়কাল প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যে প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করতে দলের চেয়ারম্যান তারেক রহমান নেতাদের নির্দেশ দিয়েছেন।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হলে একই এলাকা থেকে বিএনপির একাধিক নেতা প্রার্থী হতে পারেন। এ ক্ষেত্রে প্রত্যেকেই নিজেকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করলে দলীয় ভোট বিভক্ত হওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীরা সুবিধা নিতে পারে।

এ পরিস্থিতি এড়াতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য একজন প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে নির্বাচিত প্রার্থীর পক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মীর সমর্থন নিশ্চিত করতেও বলা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক সাংগঠনিক বৈঠকে এসব নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও দলের পুনর্গঠন নিয়ে তারেক রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। বিশেষ করে একক প্রার্থী নির্ধারণে স্থানীয় পর্যায়ে সমন্বয় ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রার্থীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের সমর্থন পেতে পারেন। এ অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। একই আসনে একাধিক নেতা প্রার্থী হলে তারা নিজেদের বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে উপস্থাপন করতে পারেন, যা দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে।

এ কারণেই প্রার্থী নির্বাচনে সম্মিলিত সিদ্ধান্ত এবং প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তারেক রহমান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক দায়িত্ব ও করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় ও দলীয় প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি নির্বাচনে কারা অংশ নেবেন, সে বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় ঐক্য বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্র থেকে প্রার্থী চাপিয়ে দেওয়ার পরিবর্তে স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে পরামর্শ করে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে তৃণমূলের বিভক্তি কমানো এবং কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় সংগঠনের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনের আগে দল পুনর্গঠন সম্পন্ন হলে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, প্রার্থী নির্বাচন এবং তৃণমূলে কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন আরও সহজ হবে।

স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও নিতে চায় বিএনপি। সে কারণে দলটির কাছে স্থানীয় সরকার নির্বাচন শুধু নির্বাচনী কার্যক্রম নয়; বরং সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের ভিত্তি শক্তিশালী করা এবং দলীয় ঐক্য সুসংহত করার বৃহত্তর কৌশলের অংশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ