
মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় নগরের কোতোয়ালী থানার টাইগার পাস চত্বরে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবির আহমেদ ওসমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উপদেষ্টা নুরুল আবছার তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন।
বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক অনিয়ম ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরপরই সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তাদের অভিযোগ, অনুসন্ধানী প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য নিরপেক্ষ তদন্তের পরিবর্তে মামলা ও গ্রেপ্তারের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
প্রধান অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, কোনো অনুসন্ধানী প্রতিবেদনের পর যথাযথ তদন্ত ছাড়া একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন গণমাধ্যমের জন্য নেতিবাচক বার্তা বহন করে এবং এটি অনুসন্ধানী সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করে।
প্রধান বক্তা সোহাগ আরেফীন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রবণতা অব্যাহত থাকলে অনুসন্ধানী সাংবাদিকতা নিরুৎসাহিত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।
সভাপতির বক্তব্যে শিবির আহমেদ ওসমান বলেন, প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত ছিল। তদন্তের আগেই একজন সাংবাদিককে গ্রেপ্তার করায় জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার সম্মানজনক মুক্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর সাংবাদিক আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন ও সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরকান্দী, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কেএম রুবেল, একাত্তর সংবাদের সম্পাদক সুমন সেন, আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, এসটিভির প্রধান সম্পাদক শহীদুল ইসলাম, চৌকষ পত্রিকার ব্যুরো প্রধান শাহীন আহমেদ, সংবাদ সংযোগ পত্রিকার ব্যুরো প্রধান জহিরুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রামের যুগ্ম সম্পাদক, মো. সেলিম উদ্দিন, কবির আহম্মেদ মানিক, ইমাম হোসেন জীবন, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, মরনিং পোষ্ট এর জেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ চৌধুরী, সাংবাদিক রোকন উদ্দিন জয়, মানবাধিকার নেতা এসএম শামসুল হক, সাংবাদিক সালাউদ্দিন সোলায়মান, রাহাত খান, রাজীব দাশ, এম ইউছুফ, এসএম মইনুদ্দিন, মুহাম্মদ সোলাইমান, গাজী নুরুল হক শাহ, মোহাম্মদ রুবেল, সাইদ নুর (রাসেল), মোহাম্মদ হাসান, মোহাম্মদ শওকত হোসেন, মো. সোহেল রানা, রিয়াজ উদ্দিন, মিজানুর রহমান, সোলাইমান, এবিএম জাহাঙ্গীর আলম মজুমদার, মোহাম্মদ জাহিদ হোসেন, শওকত হোসেন, আরিফুল ইসলাম, মো. হায়দার জীবন, তামান্না বিনতে শুভ নাহা, মিজানুর রহমান, বিবি কুলসুম, ওমর ফারুক, ইমতিয়াজ হামীম, সোহেল রানা ও ফারুক আহমেদ প্রমুখ।











