
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: এলাকার উন্নয়নে বরাদ্দ পাওয়া প্রতিটি প্রকল্পের কাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাদিয়া পাঠান পাপন বলেন, “আপনাদের এই এলাকা নিয়ে খুব মন খারাপ হয়, খুব রাগ হয়। কাজ হয়, এইটা হয় না, সেইটা হয় না—এমন অভিযোগ রয়েছে। ৬০০ কোটি টাকার কাজ এসেছে, আরেকজন নিয়ে গেছে—আপনারা জানেন কি না? জানেন না। ৫৭১ কোটি টাকার কাজ চলে গেছে, সেটাও জানেন না। অথচ মারামারি করেন।”
তিনি বলেন, “একজন ১ হাজার টাকা পেলে তার পেছনে ১০ জন লাগে। তার চেয়ে বরং নিজের অবস্থা কীভাবে ভালো করবেন, সেটা নিয়ে চিন্তা করেন।”
এলাকার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য আরও বলেন, “উন্নয়নে বরাদ্দ আসবে, কাজ হবে। সেই কাজ ভালোভাবে হচ্ছে কি না, আপনারা তদারকি করবেন। যাতে আগামী পাঁচ বছর পরেও যেন একই কাজের জন্য আবার হাত দিতে না হয়। কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রতিযোগিতা হবে ভালো কাজের, ভালো মানুষ হওয়ার এবং ভালো নেতা হওয়ার।”
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জানতে চান, “এই ব্যাপারে আমরা একমত কিনা?” জবাবে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে বলেন, “একমত।”
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











